স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক দম্পতি। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিাক সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বরে দুর্ঘটনার শিকার হন তারা। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)।
আহতরা হলেন- নিহত তামিমের বাবা সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক হয়ে নরসিংদী যাচ্ছিলেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া জানান, ঘোড়াশালের দিক থেকে আসা ইটের শুরকি ভর্তি একটি ডাম্পট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী একটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত এক শিশু জেলার শ্রীপুরের প্রাইভেট একটি হাসপাতালে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।