নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) থেকে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) পর্যন্ত দুর্নীতির অভিযোগে নিমজ্জিত কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুদীপ বসাকের অপসারণের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৯ অক্টোবর ২০২৫ ইং দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনের আয়োজন ও অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেন, পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিধিবহির্ভূতভাবে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী থেকে সুদীপ বসাক বর্তমানে জিসিসির বিদ্যুৎ, পানি সরবরাহ, যান্ত্রিক, বর্জ্য ব্যবস্থাপনা ও সিভিল—এই চারটি গুরুত্বপূর্ণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। চাকরিবিধি উপেক্ষা করে পদোন্নতি, ভুয়া নিয়োগপত্র, মিথ্যা বিল-ভাউচার ও সরকারি অর্থ আত্মসাৎসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে দায়িত্ব পালনের সময় থেকেই সুদীপ বসাকের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং ভুয়া টেন্ডারের অভিযোগে দুদকের তদন্ত চলছে। তবুও প্রশাসনের একাংশের ছত্রছায়ায় তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন।
মানববন্ধনে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি ও জিসিসির অধুনা বিলুপ্ত পরিষদের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার নেতৃত্বে বক্তারা বলেন, “সরকারি নিয়োগবিধি অমান্য করে এমন দুর্নীতিবাজ কর্মকর্তা কীভাবে একসাথে চারটি গুরুত্বপূর্ণ বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তা জনগণের শতভাগ জানার অধিকার রয়েছে।”
তারা অবিলম্বে সুদীপ বসাকের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ, গাজীপুর সিটি করপোরেশনের ভুয়া বিল-ভাউচার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত এবং চট্টগ্রাম-গাজীপুর দুই সিটি করপোরেশনে তার নিয়োগ–পদোন্নতি সংক্রান্ত রেকর্ড পর্যালোচনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “একজন হাজিরা ভিত্তিক কর্মচারী কীভাবে ১০ বছরের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হতে পারে—এটা প্রশাসনিক দুর্নীতির ভয়াবহ নজির।”
মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তারা বলেন, জনগণের টাকায় দুর্নীতির কারিশমা আর চলতে দেওয়া হবে না।