শেখ কামরুল হাসান সাহাঃ
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মুক্তারবাড়ী আউচপাড়া জামে মসজিদের পাশের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৮ লাখ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. শাওন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অপরদিকে, শাওন নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং তাদের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছ
স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ সফল অভিযানের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।