নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে হানি ট্র্যাপের মাধ্যমে এক যুবককে ফাঁদে ফেলে মারধর, জিম্মি করে টাকা আদায় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৩২, তারিখ ১৮ জুন ২০২৬ অনুযায়ী, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, সেখানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় পেনাল কোডের ৩৬৫/৩২৪/৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে এসআই (নিরস্ত্র) এসএম মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযানে নামেন।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের হানি ট্র্যাপ চক্রের মধ্যে দুই নারী ও এক পুরুষ সদস্যকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের কাছে তথ্য-প্রমাণ পাওয়া গেছে যে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সদস্য এবং এর আগেও তারা একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।