জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার (৭১)-এর লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২১ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন তিনি। তবে এরপর আর বাসায় ফেরেননি এবং অফিসেও পৌঁছাননি। এ ঘটনায় তার পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)। তারা বলছে, সাংবাদিকদের অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার অভাবে বিভুরঞ্জনের মতো মর্মান্তিক ঘটনা ঘটছে।
এক বিবৃতিতে জেএসএস সভাপতি মোছাঃ আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি বলেন,
“রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আজ মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। মব জাস্টিসের মাধ্যমে সাংবাদিক নির্যাতনে দেশে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।”
সংস্থাটি সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করে। তারা রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তাকে দায়ী করে দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
জেএসএস মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের সক্রিয় ভূমিকা এখন অত্যন্ত জরুরি। তারা আরও জানায়, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদার প্রশ্নে সংগঠনটি সক্রিয় রয়েছে। কিন্তু দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।