অসুখ নিবে অসুখ…
এই শহরে হরেক রঙের অসুখ আছে,
পেটের অসুখ, মনের অসুখ,
সমাজ ও দেশ ধ্বংসের অসুখ।
অসুখ নিবে অসুখ…
অদৃশ্য কায়দায় বিক্রি হচ্ছে অসুখ
নানান রঙের, নানান ঢংয়ের অসুখ।
শরীর, মন, আত্মা আর সমাজের অসুখ।
তার মাঝে রয়েছে, ধার করা হাসি,
ভেজাল মেশানো প্রেমের অসুখ।
ভালোবাসা নিলামের অসুখ
টাকার বাটখারায় মানুষ মেপে
সেই মতো মিলছে অসুখ।
হতাশা, সে তো বিক্রি হচ্ছে চড়া দামে।
তবে মিথ্যেগুলো দেখতে বেশ
তাই তো ভীড় জমে সেখানে।
অসুখের কারণে সস্তায় নষ্ট হয় বিবেক
বাঁচে না মানুষ অসুখ বীণে।
প্যাকেজ আর কম্বো অফার
মিলছে অসুখ সবখানে।
ক্যাশ অন ডেলিভারি পাবেন
অসুখ ঘরে বসে।
সস্তার বাজারে আছে বাসি অসুখ,
কর্পোরেট ও ডিজিটাল মার্কেটিং এ
পেয়ে যাবেন, ফরমালিন যুক্ত মহা অসুখ।
সকাল থেকে সন্ধ্যা, শহর থেকে গ্রামে
সব খানেই হাত বাড়ালেই পাবেন অসুখ।
অসুখ নিবে, অসুখ…
হরেক রকম অসুখ আছে,
আমার এই বাংলা দেশে।