আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কসপ গ্যারেজে ১০ জুলাই ২০২৬ ইং শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাধবদী পৌরসভার ২ টি ড্রাম ট্রাক এবং ১ ১ টি পে-লোডার উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন, নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।
উদ্ধারকৃত যানবাহন সমূহে কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ উক্ত যানবাহন সমূহকে মাধবদী পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিকও বিষয়টি নিশ্চিত করেন।
গ্যারেজের মালিক, তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ৫ আগস্ট ২০২৪-এর দীর্ঘদিন পূর্বে মাধবদী পৌরসভার ৪ টি ড্রাম ট্রাক এবং ১ টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়। পরবর্তীতে ২ টি ড্রাম ট্রাক মেরামত শেষে ০৫ আগস্ট ২০২৪-এর পূর্বেই তৎকালীন পৌর মেয়রের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ২ টি ড্রাম ট্রাক এবং ১ টি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত অবস্থায় থাকলেও ০৫ আগস্ট ২০২৪-এর পর পৌর কর্তৃপক্ষের সঙ্গে উক্ত যানবাহন সমূহের বিষয়ে কোনো প্রকার যোগাযোগ করেননি গ্যারেজ মালিক তাজুল ইসলাম।