গোয়াইনঘাট প্রতিনিধি,মোঃ মনিরুজ্জামান মনিরঃ
সিলেট সীমান্তে চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ে গত ২৭ জুলাই দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘সিলেট সীমান্তে চোরাচালান রাজনৈতিক ছত্রছায়ায় “শিরোনামের প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ইং দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান লিখিত বক্তব্য পাঠ করে এ প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবেদনে সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াংকে সীমান্ত এলাকার ‘চোরাচালানের গডফাদার’, অবৈধ বালু-পাথর উত্তোলনকারী এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারী হিসেবে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি দাবি করেন, প্রতিবেদনে নেরোলা থমসন ওরফে জমিদারনীকে স্টেলিন তারিয়াংয়ের মা হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি স্টেলিন তারিয়াংয়ের ফুফু। এছাড়া তাকে পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দা বলা হলেও তিনি মধ্য জাফলং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্টেলিন তারিয়াংয়ের সঙ্গে চোরাচালান বা সীমান্ত-সংক্রান্ত কোনো অপরাধের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সম্পৃক্ততা নেই। তাকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে উপস্থাপন করা হলেও এর পক্ষে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন বিএনপি নেতারা।
তাদের অভিযোগ, সংবাদ প্রকাশের আগে স্টেলিন তারিয়াংয়ের বক্তব্য নেওয়া হলেও তার বক্তব্যের আংশিক অংশ প্রকাশ করে বাকি অংশ বাদ দেওয়া হয়েছে এবং মনগড়া তথ্য সংযোজন করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, স্টেলিন তারিয়াং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। এলাকায় তিনি একজন সৎ, শান্তিপ্রিয় ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবে পরিচিত।
বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে দল ও স্টেলিন তারিয়াংয়ের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে এ ধরনের কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে দৈনিক যুগান্তর কর্তৃপক্ষকে ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশবাসী ও সিলেটবাসীকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, সহ-সাধারণ সম্পাদক জি এম শফিক, সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য সাহেদ আহমদ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।